দোকান উচ্ছেদের প্রতিবাদে মেহেরপুরে কাফনের কাপড় পরে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। গতকাল বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির নেতৃত্ব দেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সিমন। কর্মসূচিতে যোগ দেন মেহেরপুর চেম্বার্স অব কমার্সের সভাপতি গোলাম রসুল ও সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল। সঞ্চালনা করেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি শেখ মোমিনুল ইসলাম। বক্তব্য রাখেন ভুক্তভোগী দোকান মালিক ইজারুল ইসলাম। এ সময় ১ ঘণ্টা হোটেল বাজার ব্যবসায়ী সমিতির অধীনে দোকানমালিকরা ব্যবসা বন্ধ করে রাখেন।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, অন্যায়ভাবে আমাদের দোকানঘরগুলো গুঁড়িয়ে দেয়া হলো। এখন আমরা পথে বসেছি। ব্যবসা নেই, কী দিয়ে সংসার চালাব সেটি নিয়েই সংশয়ে। অথচ ছয়দিন অতিবাহিত হলেও জেলা প্রশাসক এখন পর্যন্ত আমাদের কোনো খোঁজখবর নেননি।
উল্লেখ্য, ৭ জুন মেহেরপুর জেলা শহরের কোর্ট মোড়ে অবৈধ স্থাপনা বলে ২৫টি দোকান উচ্ছেদ করে জেলা প্রশাসন। যদিও ব্যবসায়ীরা দাবি করে আসছিলেন, ৩ লাখ টাকা জামানত দিয়ে জেলা প্রশাসনের সঙ্গে চুক্তির মাধ্যমে দীর্ঘ ১০ বছর ধরে তারা ব্যবসা করে আসছেন।










