সারা দেশে জ্বালানি তেলের অবৈধ মজুদবিরোধী অভিযানে গতকাল ৮৭ হাজার ৭০০ লিটার তেল উদ্ধার করা হয়েছে। এ নিয়ে চলমান অভিযানে এখন পর্যন্ত মোট ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার জ্বালানি তেল উদ্ধার হলো। গত ৩ থেকে ৩০ মার্চ পর্যন্ত দেশের ৬৪ জেলায় মোট ৩ হাজার ৫৫৯টি অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

তিনি জানান, গতকাল সোমবার ৩৯১টি অভিযান চালানো হয়। এতে ১৯১টি মামলা এবং মোট ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা জরিমানা করা হয়েছে। সাতক্ষীরা, গাজীপুর ও চাঁদপুরে একজন করে মোট তিনজনকে কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযানে ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬ হাজার ৪৪৪ লিটার অকটেন এবং ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রল জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নিয়মিত আমদানি ও খালাসপ্রক্রিয়া চলমান থাকায় জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। বর্তমানে বড় ধরনের কোনো সংকট নেই। তবে অবৈধ মজুদ ও বাজারে অস্বাভাবিক চাহিদা ঠেকাতে সারা দেশে অভিযান জোরদার করা হয়েছে।