ঈদুল ফিতর সামনে রেখে ব্যবসা যখন জমে উঠেছে, ঠিক সে সময়ে খাগড়াছড়ির দীঘিনালায় মেরুং বাজারে আগুনে পুড়ে গেল ২৫টি দোকান। আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। মঙ্গলবার রাতে বাজারের পানির হাউজ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে কাপড়, কসমেটিকস ও মুদিপণ্যে দোকান রয়েছে।
দীঘিনালা ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পংকজ বড়ুয়া বলেন, ‘দেড় ঘণ্টার চেষ্টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম বলেন, ঈদকে ঘিরে প্রতিটি দোকানে নতুন কাপড়, কসমেটিকস ও মুদিমাল তোলা হয়েছে। জমজমাট ব্যবসার সময় নিঃস্ব হয়ে গেছেন ব্যবসায়ীরা।’










