প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন,"জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের উত্তরাধিকার। আমার বিবেচনায় শেখ হাসিনা যা করছেন তা তার নিজের নয়। এটা নতুন কোনো দর্শন নয়। তিনি বঙ্গবন্ধুর গ্রহণ করা অর্থনৈতিক কর্মসূচিকে ধরে রেখেছেন, লালন করছেন, বাস্তবায়নের জন্য কাজ করছেন। তার গর্বিত পিতা যা রেখে গেছেন, যে বীজ স্থাপন করে গেছেন, তিনি (শেখ হাসিনা) সেটাকে বাস্তবায়ন করে চলেছেন।"

রোববার (১৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রচিত"‘শেখ হাসিনার দর্শন: ভিশন ও নেতৃত্ব, উন্নয়নের চাবিকাঠি’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রকাশিত বইয়ের বিষয়ে তিনি বলেন,"ভিশন না থাকলে কোনো জাতিই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না এবং শেখ হাসিনা একজন ভিশনারি লিডার। আমি মনে করি বইটি আমাদের জন্য শিক্ষণীয় হবে। যার মাধ্যমে অল্প কথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনাকে বোঝার অনেক বড় সুযোগ সৃষ্টি হয়েছে।"

অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী। এছাড়াও বইটির লেখক ড. এ কে আব্দুল মোমেনসহ বেঙ্গল বুকস-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা বইটির ওপর আলোকপাত করেন।

বইটিতে বিভিন্ন সময়ে পত্রিকায় প্রকাশিত প্রবন্ধগুলো স্থান পেয়েছে বলে জানিয়ে ড. এ কে আব্দুল মোমেন বলেন,"আমার সৌভাগ্য যে আমি শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উভয় সরকারের আমলেই কাজ করার সুযোগ পেয়েছি। সেই থেকে আমি এ দুজনের মাঝে মনমানসিকতার একটি বড় ধারাবাহিকতা দেখি। মানুষের প্রতি ভালোবাসায় দুজনের চিন্তাধারা এক ও অভিন্ন। দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এ ব্যাপারে তাদের দর্শন ও ভিশনের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। বঙ্গবন্ধু স্বাধীনতার পর স্বল্পদিন বেঁচে ছিলেন। তাই তার ভিশন ও দর্শন চরিতার্থ করতে পারেননি। তার পথ ধরেই শেখ হাসিনা এগুলো অর্জন করে যাচ্ছেন। এসব বিষয় বইটিতে তুলে আনার চেষ্টা করা হয়েছে।"এ সময় বইটি প্রকাশে সহায়তার জন্য প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।