নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অগ্নিকাণ্ডে ২১টি দোকান পুড়ে গেছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের থানারহাট বাজারের মোস্তাননগর অংশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। 

স্থানীয় একাধিক সূত্র জানায়, সন্ধ্যায় বাজারের পশ্চিম পাশের তেল, গ্যাস ও ওষুধের দোকান নাছির ট্রেডার্সে একটি গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। সিলিন্ডার বিস্ফোরণ থেকে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোয়। এতে পড়শী ইলেকট্রনিকস, মাঈন উদ্দিন স্টোর, ভাই ভাই সাইকেল মার্ট, স্থানীয় মেম্বারের একটি কার্যালয়, সিরাজ টেলিকম, লিজা টেলিকম, জসিম ক্রোকারিজ, একটি গুদাম, জসিম ফার্নিচার, সাকিব কসমেটিক অ্যান্ড গার্মেন্টস, রাফসান বস্ত্র বিতান, আয়েশা বস্ত্র বিতান, মামুন টেলিকম, রবি বস্ত্র বিতান, মাহি বস্ত্র বিতান, শাহেদ টেইলার্স, সোহান টেলিকমসহ ২১টি দোকান পুড়ে যায়। আগুনের শিখা দেখে স্থানীয়রা এগিয়ে এসে নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।