রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদ থেকে হারুন উর রশিদ (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রিজার্ভবাজারের ১ নম্বর ওয়ার্ড চম্পানিরমার টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হারুন উর রশিদ ওই এলাকার মৃত শামসুল আলমের ছেলে। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে হ্রদের ওপর নির্মিত নিজ বাড়ির বারান্দা থেকে পানিতে পড়ে নিখোঁজ হন।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় জানায়, নিখোঁজ হওয়ার পর দুই দিন পর শনিবার সকালে আলী হোসেনের নেতৃত্বে ডুবুরি দল উদ্ধারকাজ চালায়। ডুবুরি সজীব ও ফায়ার ফাইটার কাম-ডুবুরি নাজিম মিলে সকাল সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের লিডার আলী হোসেন বলেন, সকালে ঘটনাস্থলে গিয়ে আমরা নিখোঁজ হারুন উর রশিদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।