ঢাকার আশুলিয়ায় একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া আরো কয়েকটি বাসকে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৯ জুলাই) বিকাল তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নিরিবিলি এলাকার ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।
বাসটির চালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘বিকাশ পরিবহন লিমিটেড এ বাসটি নিরিবিলি এলাকায় আসার সঙ্গে সঙ্গে ৬০-৭০ জনের একটি গ্রুপ হঠাৎ ভাংচুর শুরু করে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাসটি নবীনগর আব্দুল্লাহপুর হয়ে নিউমার্কেট রুটে চলাচল করে।’
ফায়ার সার্ভিসের জোন-৪ এর উপ-সহকারী পরিচালক আল্লাউদ্দিন আলী বলেন, ‘আমরা সাড়ে তিনটার দিকে দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে দশ মিনিটের ভেতর গাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনি। গাড়িটিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘নিরিবিলি এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কয়েকটি বাসও ভাংচুর করেছে। তবে কারা করেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। পুড়ে যাওয়া বাসটি র্যাকারের সাহায্যে সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।’










