বাগেরহাটের মোরেলগঞ্জে গরু চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন চারজন। এ ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বলভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গণপিটুনিতে নিহত ব্যক্তি মো. মতিয়ার রহমান (৪৫)। তিনি বাগেরহাটের চরগ্রাম এলাকার মৃত রশিদ শেখের ছেলে। আর আহতরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার ভাগা বাজার এলাকার মো. রমন হাওলাদার (৩৮), ফকিরহাটের চাকুলি গ্রামের মো. আসাদুল শেখ (৪০)ও ফকিরহাটের আরপাড়া গ্রামের মো. জনি (৩৮)।

মহিশপুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. তালেবুল্লাহ জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে একটি মিনি ট্রাক নিয়ে চোরচক্রের সদস্যরা বলভদ্রপুর গ্রামে গরু চুরি করতে আসে। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চোরদের ধাওয়া করে। পালানোর সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এ সময় এলাকাবাসী চারজনকে আটক করে গণপিটুনি দেয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মতিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন বলেন, হাসপাতালে আসার আগেই মতিয়ার মারা গেছেন। বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।

মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ভবতোশ চন্দ্র বলেন, গণপিটুনিতে একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহত তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। তদন্ত চলছে।