সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধক গণটিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এর আওতায় আজ শনিবার সকাল ৯টায় শেরপুর জেলায় কর্মসূচিটির উদ্বোধন হয়। জেলায় প্রথম দফায় ৩৩ হাজার ৬০০ সাধারণ জনগণকে এ টিকা দেওয়া হবে। 

শেরপুর পৌরসভা কার্যালয়ে মেয়র গোলাম কিবরিয়া লিটন পৌর এলাকার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। তিনি জানান, জেলায় ৫২ ইউনিয়নে ২৫ বছর বয়সী বা তদুর্ধ্বদের সীমিত আকারে টিকা প্রদান করা হবে। প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবীরা রয়েছেন। তারা বয়স্ক ও প্রতিবন্ধীদের লাইন ছাড়াই টিকা নিতে সহযোগিতা করবে।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার প্রতিটি ইউনিয়নের সাবেক ১ নম্বর ওয়ার্ডের যেকোনো স্থানে একটি করে কেন্দ্র ও ৩টি বুথ স্থাপন করা হবে। সেখানে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর নিয়ে তাৎক্ষণিক রেজিস্ট্রেশন করে টিকা দেওয়া হবে। পৌর এলাকায় প্রতি ওয়ার্ডে ২০০ জন করে টিকা নিতে পারবে। আর ৫২ ইউনিয়নের প্রতিটি কেন্দ্রের ৩টি বুথে মোট ৬০০ জনকে টিকা প্রদান করা হবে।