বিএনপির স্থায়ী কমটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘ঐক্যবদ্ধ জাতির সামনে কোনো ধরনের ষড়যন্ত্র সফল হয় না। শেষ বিচারে জনগণই জয়ী হয়। ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে।’
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল দিনাজপুরের হাকিমপুরে আনন্দ শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা ও পৌর বিএনপি এ কর্মসূচি আয়োজন করে।
এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘অনেকে বিভিন্ন কথা বলে নির্বাচনকে বিলম্বিত ও বিঘ্ন সৃষ্টির চেষ্টা করছেন। তবে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়েই অনুষ্ঠিত হবে। একই ভাষায় আমরাও বলতে চাই, বিএনপি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের ঐক্য ধরে রাখতে হবে। যাতে আগামী দিনে ষড়যন্ত্রকারীরা নির্বাচন বানচাল করতে না পারে। কোনো ধরনের ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দিতে হবে। ষড়যন্ত্র প্রতিরোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অবস্থায়ই নির্বাচন বানচাল করতে দেয়া হবে না।’
পরে হিলি স্থলবন্দরের চারমাথা মোড় থেকে ডা. এজেডএম জাহিদ হোসেনের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি স্থলবন্দর ও বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো চারমাথা মোড়ে এসে শেষ হয়।










