ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল সকালে মহাসড়কের জয়পুরা এলাকায় মম ফ্যাশন কারখানার সামনে মহাসড়ক অবরোধ করেন তারা। ঘণ্টাব্যাপী আন্দোলনের পর শিল্প পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বন্ড লাইসেন্স-সংক্রান্ত জটিলতায় আমদানি বন্ধ ও ক্রয়াদেশ না পাওয়ায় কারখানা বন্ধ ঘোষণা করে নোটিস দেয় কর্তৃপক্ষ। সকালে কাজে গিয়ে কারখানার গেটে তালা ও নোটিস দেখেন শ্রমিকরা। হঠাৎ কারখানা বন্ধের এমন ঘোষণার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
এ সময় চলতি মাসের বেতনসহ সব পাওনা পরিশোধের দাবি জানান শ্রমিকরা। তাদের অন্য দাবিগুলো হলো শ্রম আইন অনুযায়ী ১২০ দিন তথা চার মাসের বেতন পরিশোধ করতে হবে, বার্ষিক ছুটির টাকা দিতে হবে, চাকরির বয়সসীমা অনুযায়ী সার্ভিস ফি দিতে হবে, ঈদ বোনাস দিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় শিল্প পুলিশ ও সেনাবাহিনী। তারা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে তারা কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করেন।










