প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। অসহায় মানুষের ভাগ্যের পরিবর্তনে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন। মায়েরা ও বোনেরা যারা চাকরি করেন তাদের মাতৃত্বকালীন সময়ের যে ছুটি সেটা শেখ হাসিনাই বাড়িয়ে দিয়েছেন। পৃথিবীর অন্য কোনো দেশ এভাবে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিতে পারেনি।’
গতকাল দুপুরে পিরোজপুরের চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা বড় লোকদের বেশি বড়লোক করতে চান না, তিনি চান গরিব মানুষ, অসহায় মানুষ, প্রান্তিক পর্যায়ের মানুষ, অর্থাৎ আপনারা যারা রিমোটে আছেন, গ্রামে আছেন, সেই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে। সে লক্ষ্য নিয়ে তিনি বিভিন্ন কর্মসূচি দেন। যারা দরিদ্র তাদের দরিদ্র ভাতা দেয়া হয়, প্রতিবন্ধী, অসহায়, স্বামী পরিত্যক্তাদেরকেও ভাতা দেয়া হয়। বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা ভাতা দেয়া হয়। অসহায় মানুষদের ভাতা দেয়ার মন কিন্তু সবার থাকে না যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে।’
পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও পিরোজপুর ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।










