ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (৮ মে) রাত ৮টার দিকে মরদেহের সন্ধান পায় ফায়ার সার্ভিস।

নিহতরা হচ্ছেন ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর বালুরঘাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে পৃথিবী (১৫) ও উজানচর নওপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে ফয়সাল হোসেন (১৩)। তারা যথাক্রমে উচাখিলা স্কুলের দশম ও সপ্তম  শ্রেণীর ছাত্র।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, সোমবার বিকেলে ব্রহ্মপুত্রে নৌকা দিয়ে যাত্রী পারাপার করছিল ফয়সাল। ওই সময় নদে গোসল করতে গিয়ে ডুবে যায় পৃথিবী। তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় ফয়সাল। এতে সে নিজেও নিখোঁজ হয়।

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চেষ্টায় রাত ৮টার দিকে পৃথিবী ও ফয়সালের প্রাণহীণ দেহ উদ্ধার করা হয়। মরদেহ প্রথমে থানায় ও পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।