কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় শ্যালোইঞ্জিন চালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছে। বুধবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর কালুমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের সামছুল আলমের ছেলে শাহিন হোসেন (৪২) ও দর্শনা থানার নাস্তিপুর গ্রামের ছালামের ছেলে ইকরামুল হক (২২)।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে আলাউদ্দিন নগর কালুরমোড়ে নসিমন গাড়ির সঙ্গে কুষ্টিয়া অভিমুখী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলসহ চালক নসিমন গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে চালক নিহত ও আরোহী মারাত্মক আহত হলে তাকে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা যান।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। নসিমন গাড়িটি আটক করা হয়েছে।