জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন আমাদের শাপলা প্রতীক দেবে না, কেন দেবে না সেটাও তারা ব্যাখ্যা করে না। আমরা শাপলা চেয়েছি, শাপলা আমাদের দিতে হবে। শাপলা কিভাবে আদায় করতে হয় সেটা আমরা জানি। এ প্রতীক আদায়ের জন্য প্রয়োজনে আমরা মাঠে নামব।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এনসিপির নরসিংদী জেলা আয়োজনে এক সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে সারজিস বলেন, সম্প্রতি নির্বাচন কমিশন এমন একটি দলকে নিবন্ধন দিয়েছেন যাদের মাঠে কোনো কাজ নেই, সাংগঠনিক কোনো ভিত্তি নেই, কোনো নেতাকর্মী নেই ও দলীয় কার্যক্রম নেই। তাদের নিবন্ধন দিয়ে নির্বাচন কমিশন এর মধ্যে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে।
তিনি আরো বলেন, দেশের গণতন্ত্র উত্তরণের জন্য এনসিপি কাজ করে যাবে। আর এজন্যই এনসিপি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এনসিপি হয় সরকারে থাকবে নয়তো শক্তিশালী বিরোধীদলের ভূমিকা পালন করবে।
এনসিপি আগামী সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ দল হিসেবে থাকবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে কেউ ইচ্ছামতো সিল মারবে, ব্যালট বাক্স ছিনিয়ে নিবে, সেই দিন আর নেই। জুলাই বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। যারা এসব অপকর্ম করবে, শক্তি-অস্ত্র-অর্থের মহড়া দেবে, ব্যালটের মাধ্যমে তার জবাব দেয়া হবে। প্রতিষ্ঠার পর থেকে এনসিপি দেশের অন্যায়, অনিয়ম, জুলুম আর নির্যাতনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতে করে যাবে।
এনসিপি নরসিংদীর জেলার প্রধান সমন্বয়ক আওলাদ হোসেন জনির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, যুগ্ম মূখ্য সংগঠক আব্দুল্লাহ আল ফয়সাল, কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহিল মামুন নিলয়, সাইফ ইবনে সারোয়ার।










