মেট্রোরেলের ষষ্ঠ চালানের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এম.ভি ব্রাইট কোরাল। জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের দুই ইঞ্জিন ও ৪ বগিসহ অন্যান্য মালামাল নিয়ে শুক্রবার সন্ধ্যা সাতটার জাহাজটি ৯ নম্বর জেটিতে পৌঁছায়।

বিদেশি ওই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান ও মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন এসব তথ্য নিশ্চিত করেন। ওহিদুজ্জামান জানান, জাহাজটিতে মেট্রোরেলের ৪টি রেলওয়ে কোচ-বগি ও ২টি ইঞ্জিনসহ ২৮ প্যাকেজ মেশিনারি পণ্য রয়েছে।

আজ শনিবার মেট্রো রেলের এসব পণ্য খালাস শুরু হবে। পরে নদী পথে ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোতে এসব মালামাল নিয়ে আসা হবে।

এর আগে গত ২ অক্টোবর ৪টি ইঞ্জিন ও ৮টি কোচ নিয়ে এম. ভি এসপিএম ব্যাংকক; গত ১২ সেপ্টেম্বর ৪টি কোচ ও ২টি ইঞ্জিন নিয়ে এম. ভি প্রেসার্স কোরাল; গত ২০ জুলাই এম. ভি হরিজন-০৯ জাহাজে ১০টি কোচ ও ২টি ইঞ্জিন; গত ৫ মে এম. ভি ওশান গ্রেস জাহাজে ৬টি কোচ এবং ৩১ মার্চ এম. ভি এসপিএম ব্যাংকক জাহাজে মেট্রোরেলের ৬ টি কোচ আসে মোংলা বন্দরে।