নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে সিয়াম মিয়া (১৬) নামে নবম শ্রেণীর এক স্কুলছাত্র। বুধবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার পান্থশালা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ সিয়াম মিয়া উপজেলার উত্তর বাখাননগর এলাকার মালয়েশিয়া প্রবাসী জুনায়েদ মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্র।
সিয়ামের বন্ধু সাকিব আল হাসান জানান, ১১ জন বন্ধু একসঙ্গে নদীতে গোসল করতে আসে। একপর্যায়ে কয়েকজন একসঙ্গে নদীতে ঝাঁপ দেয়। তখন সিয়ামও পাল্লা দিয়ে ঝাঁপ দিলে প্রবল স্রোতের টানে সে ডুবে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
খবর পেয়ে বিকাল ৪টার দিকে রায়পুরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের নিজস্ব কোনো ডুবুরি না থাকায় টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন থেকে ডুবুরি দলের সহযোগিতা চাওয়া হয়।
রায়পুরা ফায়ার সার্ভিসের টিম লিডার নাসির উদ্দিন জানান, বিকাল পর্যন্ত টঙ্গীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়নি। এতে উদ্ধার কাজে দেরি হচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে চেষ্টা চলছে।










