ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে যা যা করা প্রয়োজন তা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় পর্যাপ্ত পরিমাণ পুলিশ-বিজিবি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্য মোতায়েন থাকবে।
আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার। কোনো প্রার্থী যেন অবৈধভাবে ব্যালট পেপারে হাত না দেন সে ব্যাপারে সতর্ক করে দেন তিনি। সোনারগাঁও উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, কোনো প্রার্থী অবৈধ ভাবে ব্যালট পেপারে হাত দেয়ার চেষ্টা করবেন না। নির্বাচনে সহিংতা হলে প্রার্থীতা বা কেন্দ্র বাতিল এবং অনিয়মের সঙ্গে জড়িত হলে রির্টানিং, প্রিসাইডিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আইনের আওতায় আনা হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন তার সব ধরনের ব্যবস্থা করা হবে।
নির্বাচনে অনিয়ম ঠেকাতে এবং ভোট অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার ভোটের দিন সকালে পাঠানোর জন্য নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেন কবিতা খানম।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ-উর রহমান, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান। এছাড়া অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরাও উপস্থিত ছিলেন।










