পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরতে ইচ্ছুক ৯৬ বাংলাদেশী সৌদি এয়ারলাইন্সের দুটি ফ্লাইটযোগে আজ সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন।

সৌদি এয়ারলাইন্সের এসভি ৮১০ ফ্লাইট যোগে তারা ঢাকায় পৌঁছেন। সম্পূর্ণ সরকারি খরচে তাদের বাংলাদেশে ফেরত আনা হয়। এছাড়া আরো ৩১ বাংলাদেশী একই এয়ারলাইন্সের এসভি ৮০২ যোগে এরই মধ্যে ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন।

উল্লেখ্য, এ পর্যন্ত মোট ১৫০ জন বাংলাদেশীকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

বিমানবন্দরে প্রত্যাবাসনকৃত বাংলাদেশী নাগরিকদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে সবাইকে পাঁচ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়। ফেরত বাংলাদেশীদের সঙ্গে বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। লেবাননে এখনো কোনো বাংলাদেশী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, লেবাননে চলমান যুদ্ধাবস্থায় ১ হাজার ৮০০ প্রবাসী বাংলাদেশী দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশীদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য কাজ করছে। এছাড়া সেখানে অবস্থানরত যেসব প্রবাসী বাংলাদেশী ফিরে আসতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে।