পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, প্রতি বছর হাওরের বোরো ধান বাঁচাতে হাওর রক্ষার্বাধ নির্মাণ হচ্ছে। আমরা টাকা দিচ্ছি, যাতে আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষা করতে পারি। এবারো বাঁধের নির্মাণকাজ হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমরা হাওরের বোরো ফসলকে আগাম বন্যার হাত থেকে রক্ষা করতে ফসলরক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ অংশে কজওয়ে নির্মাণ করব। এছাড়া জেলার গুরুত্বপূর্ণ ১৪টি নদী খনন করা হবে। যাতে পানির ধারণক্ষমতা বৃদ্ধি পায়। এ দুটি প্রকল্প বাস্তবায়িত হলে হাওরে আগাম বন্যার ঝুঁকি অনেক কমে যাবে।
গতকাল দিনব্যাপী সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় হাওর রক্ষাবাঁধ নির্মাণকাজ ও জামালগঞ্জ উপজেলার পাগনার হাওর প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, হাওরে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে হলে সমীক্ষার প্রয়োজন হয়। সমীক্ষা না করে প্রকল্প গ্রহণ করা হলে অনেক ভুল হতে পারে। এছাড়া হাওরের এসব কাজে যদি কোনো অনিময় হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী উত্তর-পূর্বাঞ্চল এসএম শহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জহরুল ইসলাম, মো. শামসুদ্দোহা, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ প্রমুখ।










