নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর শহরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় চরএলাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রাজ্জাকসহ অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক উপজেলার বসুরহাট পৌর শহরেরতার ভাড়া বাসা থেকে বের হয়ে যুবলীগের নেতাকর্মীরাসহ বসুরহাটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিতে যাচ্ছিলেন। পথে হাসপাতাল এলাকায় পৌঁছলে আগে-পরে যাওয়া নিয়ে চরএলাহী আওয়ামী লীগ সভাপতি শাহাব উদ্দিন ও সম্পাদক গণির সমর্থকদের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শাহাব উদ্দিন ও গণির লোকজন চেয়ারম্যান ও তার সমর্থকদের ওপর হামলা করে। এ সময় শাহাব উদ্দিন ও গণির লোকজন লোহার রডসহ লাঠিসোটা নিয়ে হামলা চালালে চেয়ারম্যান আবদুর রাজ্জাক স্থানীয় একটি ক্লিনিকে ঢুকে পড়েন। চেয়ারম্যান রাজ্জাক অভিযোগ করে বণিক বার্তাকে বলেন, উসকানি ছাড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারির নেতৃত্বে তাদের লোকজন আমার মিছিলে হামলা চালায়।

এ বিষয়ে জানতে চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গণির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বণিক বার্তাকে বলেন, দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরে আবদুল গণি চেয়ারম্যান রাজ্জাককে প্রধান আসামি করে থানায় মামলা করেন। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।