বিএনপির কোনো কোনো নেতা বা কর্মী তারেক রহমানকে জুলাই আন্দোলনের একমাত্র মাস্টড়ার মাইন্ড হিসেবে আখ্যা দিয়েছেন। তারেক রহমান নিজেকে তা মনে করেন কিনা– বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, তিনি নিজেকে কখনোই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড মনে করেন না। তার মতে, জুলাই আন্দোলনের কৃতিত্ব কারো একার নয়। কোনো দল বা ব্যক্তি নয়, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।
বিবিসি বাংলায় দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ২০০৮ সালে নির্বাসিত হওয়ার পর এবারই কোনো গণমাধ্যমের মুখোমুখি হলেন তিনি।
আজ সোমবার বাংলাদেশ সময় সকাল ৯টায় বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। বিবিসি বাংলার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান।
জুলাই আন্দোলন প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপিসহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের এতে অবদান আছে। সব দলের কর্মীরাই আত্মত্যাগ করেছে। জুলাই আন্দোলনের ফলাফল জুলাইয়ে পাওয়া গেলেও এর প্রেক্ষাপট অনেক আগের। আমি মনে করি, জুলাই-আগস্টে এসে দেশের সর্বস্তরের জনগণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগ দিয়েছিল।
তিনি আর বলেন, জুলাই আন্দোলনে কেবল রাজনৈতিক কর্মীরাই নয়, সেখানে মাদ্রাসার ছাত্ররা ছিলেন মাঠে, গৃহিণীরা নেমে এসেছিলেন রাস্তায়। আমরা দেখেছি, কৃষক-শ্রমিক-সিএনজি চালক, গার্মেন্টস কর্মীরা নেমে এসেছিলেন। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও নেমে এসেছিলেন এ আন্দোলনে। স্বৈরাচারের অত্যাচারের শিকার হয়ে দেশের বাইরে চলে যেতে বাধ্য হওয়া অনেক সাংবাদিকও এখানে সম্পৃক্ত হয়েছিলেন। তাই কারো ভূমিকাকে আমরা খাটো করে দেখতে চাই না। আমি বিশ্বাস করি, দল-মত-শ্রেণি নির্বিশেষে সবারই এখানে ভূমিকা আছে।
তারেক রহমান বলেন, এ আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের আন্দোলন যারা গণতন্ত্র বিশ্বাস করে। কোনো দল বা ব্যক্তি নয়, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।















