জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘হিম উৎসব’ শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ব্যতিক্রমধর্মী এ উৎসব চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।
‘পরম্পরায় আমরা’ প্ল্যাটফর্মের ব্যানারে আয়োজিত এবারের উৎসবের স্লোগান ‘রুপান্তরের যাত্রাপথে শেকড় হোক সঙ্গী’।
বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে কাঙ্গালিনী সুফিয়াকে সম্মাননা প্রদানের মাধ্যমে উৎসব শুরু হয়। বিকেল সাড়ে ৫টায় ছিল নৃত্যানুষ্ঠান 'নৃত্য-নৈবেদ্য', রাত ৯টায় মুক্তিযোদ্ধা চত্বরে বহু স্বরের গান 'আওয়াজ'।
আগামীকাল ২৫ জানুয়ারি (বুধবার) দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালায় থাকছে বিকাল ৪টায় লাঠিখেলা, সন্ধ্যা ৬টায় কবিগান ও দিনব্যাপী পারফরম্যান্স আর্ট।
২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) তৃতীয় ও সমাপনী দিনে থাকছে চারুকলা বিভাগে সকাল ১০টায় আর্ট ক্যাম্প 'দৃশ্যত'। সকাল ১১টায় পরিবেশিত হবে ‘তাই জানাই গানে’ (কথা ও গান) এবং সন্ধ্যা ৬টায় ছবি চত্বরে অনুষ্ঠিত হবে ভাব সংগীতের আসর (কোথায় পাবো তারে)।
এ ছাড়া অনুষ্ঠানের তিনদিন জুড়ে থাকছে জহির রায়হান অডিটোরিয়াম সংলগ্ন পুকুরপাড়ে চিত্রপ্রদর্শনী।
উল্লেখ্য, বাংলার হারিয়ে যাওয়া সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করতে বেশকিছু শিক্ষার্থী ২০১৫ সালে ‘পরম্পরায় আমরা’ নামে সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার পর থেকে বেশ কয়েকবার তারা ‘হিম উৎসব’ পালন করে আসছে।










