বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক মানের ২২টি কেবিন যুক্ত হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর গতকাল সকাল ১০টায় কেবিন ব্লকটি উদ্বোধন করেন। একই সঙ্গে হাসপাতালের সামনে নবনির্মিত দুটি পানির ফোয়ারাও উদ্বোধন করা হয়েছে।

কেবিন ব্লকের উদ্বোধন শেষে হাসপাতালের চতুর্থ তলার সার্জারি সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর বলেন, ‘সরকারি হাসপাতাল শুধু নিম্নবিত্তদের জন্য নয়। এখানে মধ্য ও উচ্চবিত্তরাও সেবা নিচ্ছে। কারণ বেসরকারি হাসপাতালে খরচ দিয়ে মধ্য ও উচ্চবিত্তদেরও হিমশিম খেতে হবে। তাই সবার জন্য সরকারি হাসপাতালে সেবার ব্যবস্থা চালু রয়েছে। নিম্নবিত্তদের পাশাপাশি মধ্য ও উচ্চবিত্তদের জন্য মানসম্মত চিকিৎসা সেবার লক্ষ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আধুনিক কেবিন ব্লক উদ্বোধন করা হয়েছে। এখানে ১০০০ টাকা ভাড়ায় আধুনিক মানের ২২টি কেবিন চালু করা হয়েছে। কেবিনগুলোর মান বেসরকারি হাসপাতালের চেয়েও ভালো।’

এর আগে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর হাসপাতালের সামনে দুটি পানির ফোয়ারা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু বলেন, ‘হাসপাতাল উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আগের মেডিসিন ভবনটি এখন সম্পূর্ণ বহির্বিভাগ করা হয়েছে। পুরনো ভবনটি আন্তঃবিভাগ হিসেবে তৈরি করা হচ্ছে। এ ভবনে আরো ৩০০ বেড সংযোজন করা হয়েছে।’