শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় তিনটি মামলা দায়ের করা হয়েছে গতকাল। এছাড়া চট্টগ্রামে করা হয়েছে আরেকটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও আরেকটি অভিযোগ করা হয়েছে। 

এর মধ্যে একটি মামলা করেছেন বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিহত ঢাকা মহানগর উত্তরের ১১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ কবির খানের স্ত্রী আফসানা ইসলাম। নিহত আব্দুল্লাহ কবির খানকে গুলি করে হত্যার অভিযোগে করা এ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মো. মাঈনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার, মো. ইলিয়াস উদ্দিন মোল্লা, এসএম মান্নান কচিসহ ৬৭ জনকে আসামি করা হয়েছে। গতকাল ঢাকার মহানগর হাকিম মো. মেহেদী হাসানের আদালতে মামলাটি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর মডেল থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে লিটন হাসান লালু ওরফে হাসান নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে আরেকটি মামলা হয়েছে। এতে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার প্রমুখসহ ১৪৮ জনকে আসামি করা হয়েছে। আদালত মিরপুর মডেল থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাসানের ভাই মিলন এ মামলা করেন।

আন্দোলন চলাকালে শেরেবাংলা নগর থানা এলাকায় কাঠমিস্ত্রি তারিক হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহা দিবা ছন্দার আদালতে তারিকের মা মোসা. ফিদুশি খাতুন এ মামলা দায়ের করেন।  আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

এছাড়া শেখ হাসিনা, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুসহ ২৭ জনের নাম উল্লেখ করে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগে সংগঠন হিসেবে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, এগুলোর অজ্ঞাতনামা নেতাকর্মী এবং পুলিশের কর্মকর্তা ও সদস্যসহ ৫০০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপপরিচালক প্রশাসন ও তদন্তকারী কর্মকর্তা আতাউর রহমান বণিক বার্তাকে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুসহ ২৭ জনের নামে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম আকরাম নিহত হওয়ার ঘটনায় ১০৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ওয়াসিম আকরামকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে।