চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আমবাগানে কাজ করার সময় এ ঘটনা ঘটে। এতে দুজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের মাস্তান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের হারুন আলীর ছেলে অসিম আলী (১২) ও একই ইউনিয়নের গোপানগর গ্রামের কাদের হোসেনের ছেলে শাহীন আলী (২০)।
স্থানীয়রা জানান, মাস্তান বাজার এলাকার সাইফুলের আম বাগানে ফ্রুট ব্যাগিং করে ভ্যানযোগে বাড়িতে ফিরছিলেন অসিম আলী, শাহীন আলীসহ কয়েকজন। দুপুরে ঝড়-বৃষ্টি শুরু হলে গাছ থেকে পড়ে যাওয়া আমগুলো সংরক্ষণ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই শাহিন ও অসিমের মৃত্যু হয় আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতাল (রামেক) পাঠানো হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হায়াত বলেন, আমবাগানে বজ্রপাতে দুইজন নিহতের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাটির খোঁজ-খবর রাখছি। নিহত ও আহতদের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।










