অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা আরো ঘণীভূত হয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করছে। আজ রোববার (১৪ মে) সকাল পর্যন্ত পাওয়া খবরে পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। 

এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন ও সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে।

কুয়াকাটাসহ এই অঞ্চলের উপকূল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুটের বেশি জলোচ্ছাসে প্লাবিত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

তাই পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মৎস্য বন্দর আলিপুর মহিপুরের সব মাছধরা ট্রালারকে নিরাপদ আশ্রয়ে নিয়েছে মালিক সমিতি।

এর মধ্যে বাংলাদেশের উপকূলে পৌঁছে গেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। সকালে ঘণ্টায় ২১৫ কিলোমিটার গতির ঝড়ো হাওয়ার শক্তি নিয়ে কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে শুরু করেছে অগ্রবর্তী অংশ।

এদিকে সর্বশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানা যায়, মোখার কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯৫ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ২১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।