টাঙ্গাইলে মহাসড়কে চাকা ফেটে উল্টে গেছে উত্তরবঙ্গগামী তেলবাহী ট্রাক। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটেছে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায়। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রাকে থাকা সয়াবিন তেল মহাসড়কে পড়ে যান চলাচল বিঘ্নিত হয়েছে।
ট্রাকচালক আতোয়ার বলেন, চট্টগ্রাম থেকে নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইলে বঙ্গবন্ধু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় পৌঁছলে হঠাৎ ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের আইল্যান্ডের ওপর উঠে গিয়ে উল্টে যায়। ট্রাকে সাড়ে ১১ টন সয়াবিন তেল ছিল।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশের এসআই বিল্লাল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে দ্রুত সরিয়ে নেয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের যে অংশে তেল ছড়িয়ে পড়েছে, সেখানে বালি ছিটিয়ে দেয়া হয়। এছাড়া মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সব পরিবহনকে থ্রি হুইলারের যাতায়াতে ব্যবহূত আন্ডারপাস ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কোনো যানজট সৃষ্টি হয়নি।










