ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নিজস্ব জমি, খাল ও রাস্তা
দখল করে গড়ে তোলা ৬০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ডিএনসিসি। ডিএনসিসির মেয়র মো.
আতিকুল ইসলামের নির্দেশে এ উচ্ছেদ কার্যক্রমে প্রায় ১০ বিঘা নিজস্ব সম্পত্তি উদ্ধার
করা হয়।
বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর মোহাম্মদপুরে সাত মসজিদ হাউজিং ও নবীনগর হাউজিং এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ ও ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান।এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মাদ মাহে আলম উপস্থিত ছিলেন। আগামী তিন দিনব্যাপী এই উচ্ছেদ কার্যক্রম চলবে। এরই মধ্যে খালের যে অংশ ভরাট করা হয়েছিল সেটি খনন প্রক্রিয়া শুরু করেছে ডিএনসিসি।
উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে দোকান-পাট, রেস্টুরেন্ট, কাঠের
মিল, রাজনৈতিক দলের অফিস ও গবাদি পশুর বাণিজ্যিক ফার্ম সাদিক এগ্রোর স্থাপনা। উচ্ছেদ
শেষে উন্মুক্ত নিলামে আটককৃত মালামাল ৬৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করে ভ্রাম্যমাণ আদালত।










