খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়িতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে শান্তু চাকমা নামে একজনকে আটক করা হয়।

গতকাল সেনাবাহিনী ও র‍্যাবের একটি বিশেষ টিম দিনভর যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত গাঁজা ঘটনাস্থলে পুড়িয়ে ধ্বংস করেন যৌথ বাহিনীর সদস্যরা।

পুলিশ জানায়, লক্ষ্মীছড়ি সেনা জোনের আওতাধীন ইন্দ্রসিংপাড়া সেনা ক্যাম্পের নিকটবর্তী ডানের বানরকাটা এলাকায় র্যাব এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রক্রিয়াজাত ৮০টি গাঁজার বস্তা এবং ৫০০ কেজি ছড়িয়ে ছিটিয়ে থাকা গাঁজাসহ প্রায় ১ হাজার ৭০০ কেজি গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়।