খাগড়াছড়িতে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে তিন যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. আবু তাহেরের আদালত এ রায় দেন। একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, রুমেন্দ্র ত্রিপুরা ওরফে রুমেন, ত্রিরন ত্রিপুরা ও কম্বল ত্রিপুরা। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের পুনরায় জেল হাজতে প্রেরণ করা হয়। এদের মধ্যে কম্বল ত্রিপুরা এখনো পলাতক।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৩ মে জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের বড় পাড়া এলাকার বাসিন্দা মন মোহন ত্রিপুরা ও তার স্ত্রী স্বরলেখা ত্রিপুরা তাদের ১৭ বছরের কিশোরী মেয়েকে বাড়িতে রেখে দীঘিনালা উপজেলায় বেড়াতে যান। সেই সুযোগে ওইদিন রাতে একই ইউনিয়নের বেজাচন্দ্র পাড়ার তিন মদ্যপ যুবক ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে। ধর্ষণের আগে কিশোরীর মাকেও ফোন করে তারা। 

পরের দিন সকালে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তিন ধর্ষককে গ্রেফতার করে। এ ঘটনায় কিশোরীর মা স্বরলেখা ত্রিপুরা তিন যুবককে আসামি করে সদর থানায় মামলা করে। তদন্তের পর পুলিশ একই বছর ২৮ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত।

রায়ে সন্তোষ প্রকাশ করে খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধি ৩০২/৩৪ ধারায় প্রত্যেক আসামিকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে।