যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১ লাখ ৫৮ হাজার ২০২ শিক্ষার্থী। গত বছর ছিল মোট ১ লাখ ৭২ হাজার ৮৩ জন। সে হিসাবে এবার প্রায় ১৪ হাজার কম। বোর্ড সংশ্লিষ্টরা মনে করছেন, পাসের হার বেড়ে যাওয়ায় এ বছর অনিয়মিত পরীক্ষার্থী অনেক কম। সে কারণেই মূলত এ বছর কমেছে মোট পরীক্ষার্থী। আশঙ্কাজনক হারে কমছে বিজ্ঞান ও ব্যবসায় শাখার পরীক্ষার্থীও।

এদিকে পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত আয়োজনের জন্য গতকাল থেকে আগামী ২৩ মে পর্যন্ত যশোরের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। পরীক্ষা চলাকালীন কোনো কোচিং সেন্টার খোলা থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ৩০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। যশোর বোর্ডে এ বছর অংশ নেয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৭৮ হাজার ৭৩১ জন ও ছাত্রী ৭৯ হাজার ৪৭১ জন। মানবিকে অংশ নিচ্ছে ১ লাখ ৮২৪ জন ও বিজ্ঞান বিভাগে ৩৯ হাজার ৪৪৪ জন। খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিচ্ছে। ২৯২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবিব বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্নে বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্র সচিবদের সঙ্গে একাধিকবার মিটিং করেছি। পরীক্ষা পরিচালনায় শিক্ষা বোর্ডের নিজস্ব টিম ছাড়াও ১০ জেলায় ১১টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের ভিজিলেন্স টিম থাকবে।’