রাজধানীর কারওয়ান বাজারে নির্মাণাধীন বোরাক টাওয়ারের ছয়তলা থেকে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মো. তারেক হোসেন (৩০) নামের ওই নিরাপত্তাকর্মী সেখানেই থাকতেন।

তার বাবার নাম মো. তাহের হোসেন। মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মো. হায়দার।

তিনি জানান, গত রাতে খবর পেয়ে ঘটনাস্থলে নির্মাণাধীন ভবনের ৬ষ্ঠ তলায় রডের সঙ্গে গলায় রশি পেঁচানো ওই নিরাপত্তা কর্মীর অচেতন দেহ উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি বেঁচে নেই। তিনি আরো জানান, নিরাপত্তাকর্মীর মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই হায়দার।