রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটক অবরোধ করে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ সময় তারা স্লোগান দেন— চাঁদাবাজ আর রাজাকার, মিলেমিশে একাকার, জিয়ার সৈনিক, এক হও লড়াই করো, ছাত্রদলের অঙ্গীকার, প্রথম বর্ষের ভোটাধিকার, ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস, ভোট আমার অধিকার, তুমি কে বাদ দেয়ার, রাকসু ফি দিয়েছি, ভোটার হতে চেয়েছি, ক্যাম্পাসে হামলা কেন, প্রশাসন জবাব চাই, প্রথম বর্ষের ভয় নেই, রাজপথ ছাড়িনি, নকিব-ফকির কমিশন, মানি না মানবো না।

শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. আর-রাফি খান বলেন, `আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল দৃঢ়ভাবে জানাতে চাই—২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের রাকসুতে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারী শিক্ষার্থীদের হেনস্তা ও পরিকল্পিতভাবে মব তৈরি করে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের যেকোনো অপচেষ্টা আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব।'

ছাত্রদলের সহ-সভাপতি জান্নাতুন নাঈম তুহিনা বলেন, `আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেত্রীরা বারবার সাইবার আক্রমণের শিকার হচ্ছি। গতকাল আমাদের যৌক্তিক আন্দোলনে হামলা চালিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনকে বৈধতা দেওয়া হয়েছে। পরবর্তীতে সারারাত আমাদের সাইবার বুলিং করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আচরণে স্পষ্ট বোঝা যায়—তারা নারী নেতৃত্বকে সামনে আসতে দিতে চায় না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান ঘোষণা করছি।'

এ বিষয়ে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, `২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এটি তাদের গণতান্ত্রিক অধিকার, আর এ অধিকার থেকে কাউকে বঞ্চিত করার ক্ষমতা কারো নেই। আমরা ছাত্র শিবিরসহ সব রাজনৈতিক দলকে বলতে চাই—আমরা তো প্রশাসনের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, তাহলে কেন আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিলেন? আমাদের সহজ দাবি আদায়ের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব।'