অস্বাস্থ্যকর ও মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশনের অভিযোগে সাভারে গতকাল তিন রেস্টুরেন্টকে জরিমানা করেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। রেস্টুরেন্টগুলো হলো সাভার বাজার বাসস্ট্যান্ডের হোটেল শুভেচ্ছা অ্যান্ড রেস্টুরেন্ট, সুরুচি রেস্টুরেন্ট ও ইসলামিয়া রেস্টুরেন্ট। তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
ঢাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগম বলেন, ‘অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী সংরক্ষণ ও খাদ্য প্রস্তুতকারী কর্মীদের যথাযথ পরিচ্ছন্ন পোশাক না থাকার মতো ঘটনা দেখা গেছে। এছাড়া ট্রেড লাইসেন্সসহ অন্য কাগজপত্র ছাড়াই ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এসব অপরাধে প্রতিটি রেস্টুরেন্টকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।’
অভিযান পরিচালনাকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা ছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।










