বন্য হাতির কবল থেকে বোরো বীজতলা বাঁচাতে গিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী সদর ইউনিয়নের পূর্ব গোবরাকুড়ায় এ ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম ওই এলাকার আলী আকবরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খাবারের সন্ধানে প্রায় ৪০-৫০টি বন্য হাতি কৃষকের বীজতলায় হানা দেয়। বীজতলা রক্ষায় গ্রামের কৃষক লাঠি, মশাল ও পটকা নিয়ে হাতির দলকে তাড়াতে ধাওয়া করেন। এ সময় একটি হাতি তেড়ে আসে কৃষকের দিকে। হাতির কবল থেকে বাঁচতে কামরুল ইসলাম দৌড় দিতে গিয়ে ছিটকে পড়ে যান। এ সময় হাতিটি শুঁড় দিয়ে তাকে পেঁচিয়ে পদপিষ্ট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে তার মৃত্যু হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। ২০২৩ সালে হালুয়াঘাটে বিভিন্ন সময়ে হাতির পায়ে পিষ্ট হয়ে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।










