নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার উপজেলার বারদিতে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের প্রধান ফটকের সামনে অবৈধভাবে গঠে উঠা এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের গুরু শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২ তম তিরোধান উৎসব উপলক্ষে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী। এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম মিয়া, সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলসহ প্রমুখ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র বারদি আশ্রমের সামনে দোকান ঘর নির্মাণ করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। এ দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে করে প্রায় অর্ধ শতাধিক আহত ও একজন নিহত হয়। এছাড়া আশ্রমে আসা পূণ্যার্থীদের চলাচলে বিঘ্ন ঘটে। এ বিষয়গুলো বিবেচনা করে গত মঙ্গলবার বিকেলে তিরোধান উৎসব উপলক্ষে এক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী জানান, লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে আসা ভক্তদের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।