ঢাকার সাভারের জোরপুল এলাকায় তেলবাহী একটি লরিতে লাগা আগুনে আরো ৫টি
গাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় দুজন মারা গেছেন। দগ্ধ হয়েছেন আটজন।
মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে সাভারের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে। খবর
পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
আজ ভোর সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সাভার
হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নির্বাপণ করে। এ
সময় মহাসড়কের উভয় পাশে প্রায় ৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। সাভার ফায়ার সার্ভিস
ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত
করেছেন।
এ ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ইকবাল নামে একজন মারা গেছেন। তার বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়।
তিনি সিমেন্টের ট্রাকে কাজ করতেন। আটজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ
হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তির জন্য পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ যান
চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।










