কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ফজলুর রহমান বলেছেন, 'বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামায়াতে ইসলামী করেন, এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধার পরিবারের কেউ জামায়াত করতে পারে না।' আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। পরে তার এ মক্তব্য নিয়ে সংসদে হট্টগোল হয়েছে। খবর বিবিসি বাংলা।

ফজলুর রহমানের এ বক্তব্যের পর বিরোধী দলের সংসদ সদস্যরা হট্টগোল শুরু করলে স্পিকার তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে আসন থেকে উঠে দাড়িয়ে তাদেরকে সংসদের মর্যাদা রক্ষার আহ্বান জানান স্পিকার।

ফজলুর রহমান বলেন, বিরোধী দলের নেতাকে সবসময় আমি মাননীয় বলে কথা বলি, কিন্তু ওনার দলের লোকজন এখানে বসে আছে তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম?

পরে ফজলুর রহমানের বক্তব্যের জবাব দেন জামায়াতের আমীর ও সংসদে বিরোধী দলের নেতা শফিকুর রহমান। তিনি জানতে চান, মুক্তিযোদ্ধার পরিবারের কাউকে জামায়াত করতে হলে ওনাকে (ফজলুর রহমান) জিজ্ঞেস করে করা লাগবে কিনা। তিনি আরো বলেন, এটি আমার নাগরিক অধিকার, আমি কোন দল করবো, কোন আদর্শ আমি অনুসরণ করবো। এর ওপর হস্তক্ষেপ করার কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি।