ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে বিসিবির অবস্থান নিয়ে এবার মুখ খুলছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি এ ইস্যু শক্ত অবস্থান নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত বলে মনে করেন। একই সঙ্গে বাংলাদেশের বর্তমান অবস্থান নিয়ে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের খোলামেলা মন্তব্য ভালো লাগেনি বলেও জানান তামিম ইকবাল। প্রশ্ন করেন ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন বিসিবি কী করবে???
তামিম বলেন, ‘একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর ওই আলোচনাগুলো (আইসিসির সঙ্গে আলোচনা) সম্পন্ন করার পর একটা মন্তব্য জানানো উচিত। প্রতিটা পদক্ষেপের পর যদি বিষয়গুলো প্রকাশ করেন, তাহলে খামাখা একটা অনিশ্চয়তা তৈরি হবে। যেটা এখন হয়ে গেছে। এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত পরিবর্তন হয়, পরিবর্তন হয়ে যদি অন্য রকম হয় (ভারতে বিশ্বকাপ খেলা), তখন প্রথমে যা বলেছিলেন, সেটার উত্তর কী দেবেন? এটা ঠিক না। এ কারণে আমার কাছে মনে হয়, আপনারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নেয়ার পর জানান।’
বিসিবিকে আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে বলছেন তামিম। তিনি বলেন, ‘যখন আমরা গিয়েছি (ভারত), তখন তো এ রকম পরিস্থিতি আসে নাই আমাদের কাছে। নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ ছিল না। আমি শুধু একা না, আরও অনেকেই বিভিন্ন কাজে যায়। এখন পরিস্থিতি একটু অন্য রকম হয়েছে। আমি যেটা বললাম, যেহেতু আমার কাছে মন্তব্য করার মতো খুব বেশি তথ্য নেই। তারপরেও আমি বলব, পৃথিবীতে অনেক কিছু আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। আপনারা আলোচনা শুরু করেন, কথা বলেন, এভাবে যদি সমাধান হয়, সবচেয়ে ভালো হয়।’










