সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সরকারি শিশু পরিবারের শিশুরা যেন বড় হয়ে সমাজের বোঝা না হয়ে বরং দেশের সম্পদ হিসেবে গড়ে ওঠে এবং স্বাবলম্বী হয়, সে লক্ষ্যেই কাজ করছে সরকার। একই সঙ্গে শিশুদের বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রংপুর নগরের মর্ডান মোড়ে অবস্থিত সরকারি শিশু পরিবার ঝটিকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বিষয়ে কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, সমাজের অবহেলিত শিশুদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। তারা যেন নিজেদের পরিবারহীন বা সুবিধাবঞ্চিত মনে না করে, সে ধরনের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। একইসঙ্গে উত্তরবঙ্গসহ সারা দেশের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্যেও কাজ করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

সমাজকল্যাণ মন্ত্রী সরকারি শিশু পরিবার পরিদর্শনকালে শিশু পরিবারের শিশুদের সঙ্গে কথা বলেন, তারা দেশের জন্য ভবিষ্যতে কি হতে চায়, তাদের পড়ালেখার প্রস্তুতি, পড়াশোনার সাবজেক্ট, খাওয়া-দাওয়া, চিকিৎসা সেবা, খেলাধুলা সার্বিক অবস্থার সঙ্গে পরিছন্নতা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

পরিদর্শনকালে সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।