মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের গড়াই নদীতে গতকাল বিকালে ঐহিত্যবাহী আছাদুজ্জামান স্মৃতি বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে লাখো মানুষের উপস্থিতি দেখা যায়। শ্রীপুর আন্তঃইউনিয়ন বাইচ আয়োজক কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।
আয়োজক কমিটির সভাপতি নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশীদ মুহিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আফাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ, জেলা সহসভাপতি মুন্সী রেজাউল হক, আবুল কালাম আজাদ প্রমুখ।
বাইচ প্রতিযোগিতায় খুলনা, কুষ্টিয়া, রাজবাড়ী, নড়াইল ও মাগুরার আটটি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেয়া জলপরী নৌকা প্রথম, লালন শাহ দ্বিতীয় ও আতিক হাসানের নৌকা তৃতীয় স্থান অর্জন করেন। প্রতিযোগিতা শেষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রথম স্থান অর্জনকারী নৌকাকে ১২৫ সিসি মোটরসাইকেল, দ্বিতীয় স্থানধারী নৌকাকে ৮০ সিসি মোটরসাইকেল ও তৃতীয় স্থান অর্জনকারী নৌকাকে একটি ফ্রিজ দেন।










