চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গায় পূর্ব বিরোধের জেরে আ.লীগ নেতা সালাম
ও বিএনপি নেতা আশরাফ গ্রুপের বোমা বিস্ফোরণ অব্যাহত রয়েছে। রোববার (১৪ এপ্রিল) রাতে
লাভাঙ্গা, বাবুপুর, রাণিহাটি বাজার, সরকারের মোড়সহ বিভিন্ন স্থানে প্রায় শ’খানেক বোমা
বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও এলাকার মানুষের মাঝে আতঙ্ক
এবং এলাকাগুলোয় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) জানান।
জানা গেছে, গত বছর নয়ালাভাঙ্গা ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য আলম আলী ঝাপড়াকে
কুপিয়ে হত্যার পর আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের সঙ্গে বিএনপি নেতা আশরাফুল ইসলামের
বিরোধ চরম আকার ধারণ করে। এরই জের ধরে রোববার দুপুরে সালামের লোকজন নয়ালাভাঙ্গা গ্রামের
ফতেপুর এলাকায় প্রায় ৮-১০টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এর পরই আশরাফের
লোকজনও ওই এলাকায় ৮-১০টি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় দোকানপাট বন্ধ করে দেয়া হয় এবং
পথচারীসহ এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। পরে শিবগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে
গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর রেশ কাটতে না কাটতে আবারো গভীর রাতে লাভাঙ্গা, বাবুপুর,
রাণিহাটি বাজার, সরকারের মোড়সহ বিভিন্ন স্থানে প্রায় শ’খানেক বোমা বিস্ফোরণের ঘটনা
ঘটে। এলাকাগুলোয় থমথমে অবস্থা বিরাজ করছে এবং মানুষজন বাইরে বের হতে ভয় পাচ্ছে। এদিকে
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকমোল চন্দ্র দেবনাথ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের
টহল অব্যাহত রয়েছে। যারা অশান্ত পরিবেশ সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা
নেয়া হবে।










