বরিশাল নগরীর নতুন বাজার থেকে লাকুটিয়া হয়ে মীরগঞ্জ ফেরিঘাট পর্যন্ত সড়কটি ২০ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে নগরীর অংশে রয়েছে তিন কিলোমিটার। সদর উপজেলা অংশে আট কিলোমিটার এবং বাকি সড়ক বাবুগঞ্জ উপজেলার মধ্যে পড়েছে। নগরীর অংশে থাকা সড়কটি মোটামুটি ভালো হলেও বাকি সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছোট ছোট যানবাহন কাত হয়ে পড়ে আহত হচ্ছেন যাত্রী ও চালকরা। চিরতরে পঙ্গু হয়েছেন কেউ কেউ। প্রাণও হারিয়েছেন অনেকে।

স্থানীয় বলছেন, ভাঙা সড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ভোগান্তি পোহাতে হচ্ছে মুলাদী-হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলার মানুষের।

এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে, সদর উপজেলা ও বাবুগঞ্জ উপজেলা অংশের সড়ক সংস্কার করা হয় ২০১২-১৩ অর্থবছরে। এরপর বাবুগঞ্জ অংশে পুনরায় সংস্কার করা হয় ২০১৬-১৭ অর্থবছরে। এর পর থেকে সড়কে আর কোনো উন্নয়নকাজ হয়নি।

বরিশাল সদর উপজেলার বাসিন্দা কাজী মসিউর রহমান রনি জানান, কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র সড়কই এটি। সংস্কার না করায় সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মাঝে মধ্যেই গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটে। কিছুদিন আগেও একটি গাড়ি উল্টে একজন মারা গেছেন।

মোটরসাইকেলচালক কাজী পলাশ জানান, নতুন বাজার থেকে লাকুটিয়া বাজার পর্যন্ত সড়কের পুরোটাই বেহাল। খানাখন্দে ভরা গুরুত্বপূর্ণ সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছোট ছোট যানবাহন কাত হয়ে পড়ে আহত হচ্ছেন যাত্রী ও চালকরা। চিরতরে পঙ্গু হয়েছেন কেউ কেউ। সড়কটি সংস্কার করা দরকার।

এ বিষয়ে বরিশাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. আতিকুল ইসলাম বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কারকাজ শুরু করা হবে।’