ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে পুখুরিয়া বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন আওয়ামী লীগের সমর্থিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শুরু হয় বিক্ষোভ। বর্তমানে সেখানে আওয়ামী লীগ সমর্থিত শতশত মানুষ মহাসড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন। এতে প্রায় দুই ঘণ্টা ফরিদপুর থেকে বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এছাড়া সড়ক অবরোধ করা হয় ঢাকা-খুলনা মহাসড়কে সূয়াদী বাজার ও মাওয়া-ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সুর্যনগর এলাকায়। এতে প্রায় ১ ঘণ্টা বন্ধ ছিল ঢাকার সঙ্গে ২১ জেলার সড়ক যোগাযোগ। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিত হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এবং চান্দ্রার পুলিয়া এলাকায় গাছের গুড়ি ফেলে রাখায় ঢাকা–খুলনা ও ঢাকা–বরিশাল মহাসড়কের কয়েকটি অংশে যান চলাচল বন্ধ ছিল। এতে দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন ছিল। এখন যান চলাচল স্বাভাবিক।

বিক্ষোভকারী কয়েকজন জানান, ‘তারা সেনাবাহিনীর মুখোমুখি অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন। লকডাউন কার্যকর ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে প্রয়োজনে জীবন দেওয়ার জন্য মাঠে থাকব।’

স্থানীয়রা জানান, লকডাউন কার্যকরের দাবিতে মহাসড়কে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করছেন স্থানীয় আওয়ামী লীগ সমর্থকেরা। এসময় পুলিশ ও সেনাবাহিনীর অবস্থান নিতে দেখা যায়। তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। বিক্ষোভকারীরা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান নিয়ে জড়ো হন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, সকালে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে পুখুরিয়া বাসস্ট্যান্ড, ঢাকা-খুলনা মহাসড়কে সূয়াদী বাজার ও মাওয়া-ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সূর্যনগর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন আওয়ামী লীগ সমর্থিত লোকজন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তারা সড়ক থেকে সরে যায়।