মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউপির হিনাইনগর গ্রামে টিলা কেটে পরিবেশ ধ্বংসের দায়ে পাঁচজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন টিলা মালিক কাওসার আহমদ, শ্রমিক আব্দুল লতিফ, জয়নুল আহমদ, শাকিল আহমদ ও সাজু ইসলাম। তাদের সবার বাড়ি বড়লেখা সদর ইউনিয়নের হিনাইনগর গ্রামে।

আদালত সূত্রে জানা যায়, বড়লেখা সদর ইউনিয়নের হিনাইনগর গ্রামের ফেরদৌস আহমদের ছেলে কাওসার আহমদ টিলা কেটে পাশের একটি জায়গা ভরাট করছিলেন। সেখানে টিলা কাটা শ্রমিক হিসেবে আবদুল লতিফ, জয়নুল আহমদ, শাকিল আহমদ ও সাজু ইসলাম কাজ করছিলেন। টিলা কাটার খবর পেয়ে গতকাল দুপুর ২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটককৃতদের দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন রোববার বিকালে বলেন, যারা পাহাড়-টিলা কেটে পরিবেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।