কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আজ শুরু হচ্ছে লালন স্মরণোৎসব। রমজানের কারণে উৎসবে কিছুটা কাটছাঁট হয়েছে। প্রতি বছর তিনদিনের কর্মসূচি থাকলেও এবার তা কমিয়ে আনা হয়েছে। ২ ঘণ্টার আলোচনা সভা দিয়েই শেষ হবে ২০০ বছরের ঐতিহ্যবাহী এ উৎসব। এবার স্বল্প পরিসরে অনুষ্ঠানের মূল ভাব ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি।’
প্রতি বছর লালন স্মরণোৎসবকে কেন্দ্র করে আখড়াবাড়ি এলাকায় সাধু, ভক্ত ও দর্শনার্থীর মিলনমেলায় পরিণত হয়। লাখ লাখ মানুষের সমাগম ঘটে। বিস্তীর্ণ এলাকাজুড়ে বসে গ্রামীণ মেলা। এবার থাকছে না গ্রামীণ মেলার আয়োজন। স্বল্প পরিসরে বাউলরা রমজানের সঙ্গে বিরূপ না হয়—এমন পরিবেশে গানবাজনা করতে পারবেন।
লালন মুক্তমঞ্চে বিকাল ৩-৫টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী চলবে আলোচনা সভা। স্মরণোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। এছাড়া উপস্থিত থাকবেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও কুষ্টিয়া লালন একাডেমির সভাপতি এহেতেশাম রেজা।
জেলা প্রশাসক এহেতেশাম রেজা জানান, এবার লালন স্মরণোৎসব রমজান মাসে হয়ে যাওয়ায় শুধু ২ ঘণ্টার আলোচনা সভা থাকবে। সবার সঙ্গে আলোচনা করেই এটা করা হয়েছে।










