পিরোজপুরের কাউখালীতে এক কলেজ ছাত্রীকে (১৭) উত্যক্তের দায়ে মো. নজরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে এ দণ্ড দেয়া হয় তাকে। উত্যক্তকারী উপজেলার আমড়াঝুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী ছাত্রী উপজেলার কাউখালী মহিলা কলেজের শিক্ষার্থী। ভ্রাম্যমান আদালতের বিচারক কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্যক্ত করার অভিযোগে আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে কলেজ ছাত্রী। অভিযোগে বলা হয়, কলেজে আসা-যাওয়ার সময় বখাটে মো. নজরুল ইসলাম বিভিন্ন সময় তাকে উত্যক্ত করে। আজ সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় স্থানীয় সোনাকুর ঘাট এলাকায় বসে ওই বখাটে তাকে অসম্মানজনক কথা বলে। এসময় তার হাত ধরে টেনে-হিঁছড়ে নিয়ে যেতে চেষ্টা করে। ছাত্রীটি চিৎকার দিলে বখাটে তাকে ছেড়ে দিয়ে চলে যায় এবং তাকে দেখে নেয়ার হুমকি দেয়।

খালেদা খাতুন রেখা বলেন, ওই কলেজ ছাত্রীর অভিযোগের প্রমাণ পাওয়া যায়। বিকালে ভ্রাম্যমান আদালত বসিয়ে মো. নজরুল ইসলামকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।