পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১২ মে) দুপুর ১২টার দিকে জিয়া কলোনি এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো- শারমিন (৬), রুমান (৮) ও মরিয়ম (৮)। শারমিন ও রুমান ভাই বোন। মরিয়ম তাদের চাচাতো বোন। শারমিন ও রুমান ওই এলাকার সোহেল ফকিরের সন্তান, মরিয়ম সোহেলের ছোট ভাই রুবেলের সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পুকুর পাড়ে এক সঙ্গে খেলছিল তারা। এক পর্যায়ে পরিবারের অগোচরে তারা পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পুকুরে শারমিনের মরদেহ ভাসতে দেখে বাকি দুজনকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই পরিবারের তিনটি শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

সোহেল ফকিরের স্ত্রী মোসা.তানজিলা বেগম জানান, তিনি তার ছোট শিশুকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছেন। এ সময় তারা গোসল করতে শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে গেলে এ দুর্ঘটনা ঘটে।   

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।