বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘এমন এক সময় ছিল যখন বিএনপির ব্যানার ধরার কোনো লোক পাওয়া যেত না, এখন সুসময়ে লোকের অভাব হয় না। সুসময়ের পর দুঃসময় আসে। তাই দুঃসময়ের নেতাকর্মীদের ভুলে গেলে চলবে না। কারণ দুর্দিন এখনো শেষ হয়নি। দেশের মানুষ এখনো ভোট দিতে পারেনি।’
গতকাল বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বালুর মাঠে এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দাবি বাস্তবায়নে উপজেলার দুর্গাপুর ইউনিয়ন তরুণ দল আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম ও সহসভাপতি এবিএম মমিনুল হক।
রুমিন ফারহানা আশা প্রকাশ করে বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে দেশের মানুষ একটি নির্বাচিত সরকার পাবে এবং সেখানে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে।’
তিনি আরো বলেন, ‘বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা বহু অত্যাচার-নির্যাতন সহ্য করেছে। ১৭ বছর ধরে দেশের মানুষ তার ভোটের মাধ্যমে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেনি। এমনকি সে সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান থেকে শুরু করে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নামে শত শত মামলা হয়েছে। পরিবারের কেউ মারা গেলে ডাণ্ডাবেড়ি পরে প্যারোলে এসে জানাজায় অংশ নিতে হয়েছে।’










